কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় পাঁচ যুবক টানা ১০ দিন ধরে অবস্থান করছেন। এর মধ্যে সোমবার (২২ জুন) রাতের আঁধারে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা দুই যুবক কৌশলে সটকে পড়েছেন। তবে বড়াইবাড়ীর ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় বাকি তিনজন যুবক এখনো অবস্থান করছেন। গত ১০ দিন ধরে সীমান্তে বৈরী আবহাওয়ার মধ্যে পলিথিনের ছাউনি টাঙিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন এই তিন যুবক।
রৌমারীর শৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গয়টাপাড়া সীমান্তে যে দুজন যুবক অবস্থান করছিলেন তারা এখন আর সেখানে নেই। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা সীমান্ত এলাকা ত্যাগ করেছেন। তবে বড়াইবাড়ী সীমান্তে অবস্থানরত বাকি তিন যুবকের ব্যাপারে প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
এদিকে অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো ধরনের অপচেষ্টা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। বিজিবির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভা ও সমাবেশের মাধ্যমে সীমান্তবাসীকে পুশইনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের সাধারণ মানুষকে সন্দেহভাজন কাউকেই আশ্রয় না দিতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
টিএইচএ/
