কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে চলছে ভারী বর্ষণ। কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে বহুগুণে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ জুন) দিনব্যাপী মাইকিং করে উপজেলার বিভিন্ন পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় যেকোনো সময় পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে টেকনাফ উপজেলার হ্নীলা, সদর ইউনিয়ন, শাহপরীর দ্বীপসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু বাড়িঘর, ফসলি জমি ও চিংড়িঘের পানির নিচে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে শাহপরীর দক্ষিণপাড়া এলাকায় এক জেলের মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা জেলেরা সাঁতরে প্রাণে রক্ষা পেলেও ট্রলার, মাছ ও জালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, সদর ইউনিয়ন ও মহেশখালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বহু পরিবার বসবাস করছে। টানা বৃষ্টির কারণে এসব এলাকায় পাহাড়ধসের আশঙ্কা আরও বেড়েছে। তবে অনেক বাসিন্দার অভিযোগ, নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতেই অবস্থান করছেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান ( ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
উখিয়া – টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, ভারি বৃষ্টিতে একটি নির্মাণাধীন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
অব্যাহত বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় টেকনাফজুড়ে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
