মালয়েশিয়ার তেরেংগা নুর অঙ্গরাজ্যে শরীয়তসিদ্ধ অজুহাত ছাড়া জুমার নামাজ না পড়া পুরুষদের জন্য কঠোর শাস্তির বিধান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ডেইলি জং সূত্রে বিদেশি গণমাধ্যমের খবরে জানা যায়, জুমার নামাজ বাদ দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।
চলতি সপ্তাহে মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস) কর্তৃক পরিচালিত এই অঙ্গরাজ্যে আইনটি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, একবারও জুমার নামাজ বাদ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজ না পড়া ব্যক্তিদের বিরুদ্ধে জনসাধারণের অভিযোগ বা প্রশাসনিক টহলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
তেরেংগা নুর রাজ্যের নির্বাহী কাউন্সিলের সদস্য মোহাম্মদ খালিল আবদুল হাদি জানান, শাস্তি দেওয়ার আগে অবশ্যই সতর্ক ও স্মরণ করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘জুমার নামাজ শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, এটি মুসলমানদের মধ্যে ঐক্য ও আনুগত্যের প্রতীক।’
তিনি আরও বলেন, স্মরণ করিয়ে দেওয়ার পরও কেউ ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ বাদ দিলে তবেই শাস্তি কার্যকর করা হবে।
উল্লেখ্য, এর আগেও এ অঙ্গরাজ্যে যারা টানা তিনবার জুমার নামাজ পড়েননি, তাদের বিরুদ্ধে শাস্তির বিধান ছিল।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
