মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় নৃশংস এই ঘটনাটি ঘটে। নিহত শাহাদাত উপজেলার মত্তগ্রাম এলাকার শামছু শেখের ছেলে বলে শনাক্ত করেছে পুলিশ।
শ্রীনগর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, এলাকায় মোবাইল চুরির একটি ঘটনা ও অভিযোগকে কেন্দ্র করে ভোরের দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে জড়ো করা হয়। এরপর চোর সন্দেহে শাহাদাতকে আটক করে রশি দিয়ে হাত-পা বেঁধে উপর্যুপরি মারধর করা হয়। গণপিটুনির একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। শাহাদাতের মৃত্যু নিশ্চিত হওয়ার পর মারধরকারীরা তাঁর মরদেহ সড়কের ওপর ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে নিহত শাহাদাতের বিরুদ্ধে ইতিপূর্বে শ্রীনগর থানায় চুরি সংক্রান্ত ৩টি মামলা ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
টিএইচএ/
