চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার বাদ দেয়া এক আসামিকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালতে এ নির্দেশ দেয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে বাদী ও শহীদ আলিফের পিতা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বাদী জামাল উদ্দিনের আবেদন ও বাদীর আইনজীবীর প্রমাণের ভিত্তিতে আদালত সুকান্ত নামের ওই আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত করেন। এর আগে তদন্ত কর্মকর্তা ৪২ আসামির মধ্যে ৪ জনকে বাদ দিয়ে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। পরে আদালত বাদীর পক্ষের প্রমাণ বিবেচনায় নিয়ে সুকান্তকেও আসামি হিসেবে যুক্ত করেন।
এ নিয়ে মামলার চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। তাঁদের মধ্যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২০ জন কারাগারে, পলাতক রয়েছেন ১৮ জন। চিন্ময়সহ ১৭ আসামির ব্যাংক হিসাবও ইতিমধ্যে জব্দ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সুকান্ত আলিফ হত্যায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সব প্রমাণ আদালতে হাজির করি। তখন আদালত সুকান্তকে চার্জশিটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
এআইএল/
