যুক্তরাষ্ট্রের অধিবেশনে অংশ নেয়ার জন্য ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় আরব ইসলামিক মিনিস্টারস কমিটি তীব্র নিন্দা জানিয়েছে।
রোববার (৩১ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসঙ্ঘের ৮০তম অধিবেশন। এতে ফিলিস্তিনের একটি প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা রয়েছে। তবে তাদেরকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ওআইসি ও আরব লীগ সমর্থিত আরব ইসলামিক মিনিস্টারস কমিটি। একইসাথে তারা যুক্তরাষ্ট্রকে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এমন এক সময় এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যখন জাতিসঙ্ঘের অধিবেশনে কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার অপেক্ষা করছে।
আরব ইসলামিক মিনিস্টারস কমিটি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এহেন সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করে। একইসাথে তারা যুক্তরাষ্ট্রকে জাতিসঙ্ঘের নীতিমালা মান্য করা, কূটনৈতিক সংলাপের সুযোগ রাখা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ইতিবাচক অবস্থান বজায় রাখা ও তাদের কৌশলগত শান্তি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়।
এনআর/
