আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি

by Abid vs36

নাটকীয় টাইব্রেকার ভাগ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের হাইভোল্টেজ লড়াই ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট অর্জন করল ফরাসি ক্লাবটি।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালের শুরুটা অবশ্য হয়েছিল আর্সেনালের স্বপ্নের মতো। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজ গোল করে এগিয়ে দেন মিকেল আরতেতার দলকে। পিএসজি ডিফেন্ডার মার্কিনিওসের একটি ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রসার্ডের গায়ে লেগে হাভার্টজের সামনে পড়ে। সেখান থেকে বাঁ দিক দিয়ে গতি বাড়িয়ে কঠিন কোণ থেকে জোরালো শটে বল জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড। গোল করার পর আর্সেনাল ম্যাচের গতি কমিয়ে রক্ষণে বাড়তি মনোযোগ দেয়। প্রথমার্ধে পিএসজি বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের সংগঠিত রক্ষণের কারণে গানার্স গোলরক্ষক ডেভিড রায়াকে বড় কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। বিরতির আগে পিএসজির আক্রমণভাগকে বেশির ভাগ সময় দূরপাল্লার শটের চেষ্টাতেই সীমাবদ্ধ থাকতে হয়।

বিজ্ঞাপন
banner

দ্বিতীয়ার্ধেও ম্যাচের একই চিত্র চলছিল তবে ৬২ মিনিটে বদলে যায় খেলার মোড়। পিএসজির খভিচা কাভারাতস্কেলিয়াকে বক্সে পেছন থেকে ফাউল করে বসেন আর্সেনালের ক্রিস্তিয়ান মসকেরা। রেফারি তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান এবং ভিএআর পরীক্ষার পর সিদ্ধান্তটি বহাল থাকে। ৬৫ মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। সমতা ফেরার পর ম্যাচ আরও উন্মুক্ত হয়ে পড়ে। কাভারাতস্কেলিয়ার একটি শট ডিফ্লেক্ট হয়ে পোস্টে লাগলে লিড নেওয়া হয়নি পিএসজির। শেষ দিকে ব্র্যাডলি বারকোলা দারুণ এক কাউন্টার আক্রমণ থেকে সুযোগ পেয়েও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়।

অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি। এই সময়ে আর্সেনাল বেশির ভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল এবং পিএসজি বল দখলে রেখে আক্রমণের পথ খুঁজেছে। শেষ মুহূর্তে ইউরিয়েন টিম্বার ও ভিক্টর গিয়োকেরেসের সুযোগ থাকলেও আর্সেনাল জয়সূচক গোল বের করতে পারেনি। ফলে শিরোপার ভাগ্য গড়ায় পেনাল্টি টাইব্রেকারে।

টাইব্রেকারে পিএসজির হয়ে গোল করেন গনসালো রামোস, দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি ও লুকাস বেরালদো। নুনো মেন্দেসের শট ঠেকিয়ে আর্সেনালকে আশা দেখিয়েছিলেন গানার্সদের স্প্যানিশ গোলরক্ষক রায়া। কিন্তু আর্সেনালের হয়ে এবেরেচি এজে পেনাল্টি মারেন পোস্টের বাইরে। এরপর ভিক্টর গিয়োকেরেস, ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করলেও শেষ শটে গ্যাব্রিয়েল মাগালাহাউস বল উড়িয়ে মারেন ক্রসবারের ওপর দিয়ে। আর তাতেই ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে উল্লাসে মাতে পিএসজি। শুরুতে এগিয়ে গিয়েও পেনাল্টির ভুল এবং টাইব্রেকারের স্নায়ুচাপে শেষ পর্যন্ত আর্সেনালের প্রথম ইউরোপ জয়ের স্বপ্ন আক্ষেপেই রূপ নিল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222