আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্সে অংশ নিতে ইস্তাম্বুল যাচ্ছেন রাবি কর্মকর্তা চঞ্চল

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড তায়কোয়ান্দো (ডব্লিউটি) আয়োজিত ১৪০তম খিরোগী আন্তর্জাতিক রেফারি ট্রেনিং কোর্সে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও শরীরচর্চা বিভাগের ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও বাংলাদেশ জাতীয় দলের কোচ কামরুজ্জামান চঞ্চল।

আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে এই আন্তর্জাতিক কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্ক তায়কোয়ান্দো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ান্দোর বিশেষ উদ্যোগে আয়োজিত এই উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ রেফারি ও প্রশিক্ষকরা অংশ নেবেন।

বিজ্ঞাপন
banner

কামরুজ্জামান চঞ্চল ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান) অর্জনকারী এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দোর পরিচালক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এই আন্তর্জাতিক কোর্সে অংশ নিতে তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে আরও যাচ্ছেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সম্মানিত সদস্য মরিয়ম (৩য় ড্যান) ও পুলক (৪র্থ ড্যান)।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই মর্যাদাপূর্ণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কামরুজ্জামান চঞ্চল। তিনি জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়ান্দোকে আরও উঁচুতে তুলে ধরা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রেফারিংয়ে দেশের জন্য নতুন সুযোগ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড তায়কোয়ান্দো পরিচালিত এই আন্তর্জাতিক রেফারি কোর্সটি বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি হিসেবে পরিচিত। চার দিনব্যাপী এই কোর্সটিতে অংশগ্রহণকারী রেফারিদের সর্বশেষ আধুনিক আন্তর্জাতিক নিয়মাবলী, নিখুঁত ম্যাচ পরিচালনা কৌশল, রেফারিংয়ের নিরপেক্ষতা রক্ষা ও খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222