রুয়েট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬ এ ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দাবা দল।
শনিবার (১৬ মে) অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যাচে রুয়েট ২.৫-১.৫ পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জয় তুলে নিয়েছে নিজেদের ঘরে। ম্যাচটিতে রুয়েটের হয়ে ২ নম্বর বোর্ডে যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুস শাহাদাত এবং ৪ নম্বর বোর্ডে ইসিই বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান নিজ নিজ ম্যাচে জয় পান। ৩ নম্বর বোর্ডে ইসিই বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দলনেতা রিব্বি মোহাম্মদ ওমর ড্র করেন। অন্যদিকে ১ নম্বর বোর্ডে পুরকৌশল বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. কাউসার আলী পরাজিত হন।
সর্বমোট ৬টি ম্যাচের ৪টি অনুষ্ঠিত হয়েছে, যার তিনটি তে জয়ের ধারা অব্যাহত রেখেছে রুয়েট। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রুয়েট ৩-১ পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দুর্দান্ত সূচনা করে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩-১ পয়েন্টে পরাজিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একই ব্যবধানে ৩-১ পয়েন্টে জয় পায় রুয়েট।
দেশের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রুয়েটের প্রতিনিধিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের দাবা খেলোয়াড়দের সংগঠন “রুয়েট চেস ক্লাব”। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড সুইস পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। দুই দিনে প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলবে। অর্জিত মোট পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এনআর/
