বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

by Masudul Kadir

নরসিংদী প্রতিনিধি:

“আমরা বেহেশতের টিকিট দিতে পারিনি, কারণ সেটা আল্লাহর হাতে। তবে আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি”— এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।

বিজ্ঞাপন
banner

নরসিংদীর বেলাবো উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদী কান্দা গ্রামে ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ কৃষকের সামান্য ঋণের জন্য কোমড়ে দড়ি পড়েছে। এ কারণে বর্তমান সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে না দেওয়া এবং ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল ফোন না দেওয়ার আহ্বান জানান তিনি।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। উন্নয়ন করা সম্ভব, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখাশোনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।”

তিনি জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক মিজ আয়েশা আক্তার, উপপরিচালক আসাদুজ্জামান সরদার, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222