খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

by Masudul Kadir

পটুয়াখালীর মির্জাগঞ্জে এখন যেন উৎসবের আমেজ। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এক নজর বিশালাকৃতির কালো ষাঁড় “কালো মানিক”-কে দেখতে। চকচকে কালো শরীর, বিকট হাম্বা ডাক আর প্রায় ৪৪ মণ ওজনের এই গরুটির কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বিস্ময়ে তাকিয়ে দেখছেন তার বিশাল দেহ।

একসময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল এই গরুটি। খালেদা জিয়া উপহার গ্রহণ করে কৃষক সোহাগ মিয়াকেই তার পরিবারের স্বচ্ছলতা ফেরাতে উপহার হিসেবে গরুটি দিয়ে দেন। এবার আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সেই আলোচিত “কালো মানিক” বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন গরুটির মালিক কৃষক সোহাগ মৃধা।

বিজ্ঞাপন
banner

প্রায় ৪৪ মণ ওজনের এই বিশালদেহী ষাঁড়টি ইতোমধ্যেই জেলার অন্যতম আলোচিত কোরবানির পশুতে পরিণত হয়েছে। ফ্রিজিয়ান প্রজাতির ১২ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতার গরুটির দাম হাঁকানো হচ্ছে ২২ লাখ টাকা। শুধু গরুই নয়, এর সঙ্গে একটি বড় ব্ল্যাক বেঙ্গল প্রজাতির অর্ধলাখ টাকা মূল্যের ছাগল উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছেন সোহাগ।

শুক্রবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর ঝাটিবুনিয়ায় কৃষক সোহাগ মৃধার বাড়িতে যেন ছোটখাটো মেলা বসেছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন শুধুমাত্র “কালো মানিক”-কে এক নজর দেখার জন্য।

খামারে গিয়ে দেখা যায়, গরুটির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সোহাগ মৃধা ও তার স্ত্রী সুলতানা বেগম। পরিবারের সদস্যরাও যেন কালো মানিককে ঘিরেই দিন কাটান। সোহাগের ছোট ছেলে জিসান গরুটির পিঠে উঠে চিরুনি দিয়ে লোম আচড়ে দিচ্ছেন, বিশাল দেহের গরুটি মাঝে মধ্যেই হাম্বা ডাক দিচ্ছে আবার কিছুক্ষণ শো শো শব্দ করছে।

পাশ থেকে আরিফ নামে স্থানীয় একজন বলে উঠলেন, ভাই, ওর ডাক প্রায় দেড় কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আর রেগে গেলে ৮-১০ জন মিলেও সামলানো যায় না। গাছের সাথে মোটা দড়ি প্যাঁচাইয়া ধইরা রাখতে হয়। এত বড় গরু পটুয়াখালী জেলায় আর আছে কিনা সন্দেহ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222