উচ্চবিদ্যালয়ের বড়মাঠে মিলল এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র

by Masudul Kadir

ঠাকুরগাঁও প্রতিনিধি : খবরটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কত আশা-আকাঙ্ক্ষার পারদ এই এসএসসি পরীক্ষা। অথচ দায়িত্বশীল স্কুলের মাঠেই ফেলে গেলেন এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র।

ঠাকুরগাঁও শহরের একটি খোলা মাঠ থেকে উদ্ধার হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকার পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বোর্ড পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ নথি কীভাবে মাঠে পড়ে থাকল, কার দায়িত্বে ছিল এবং কীভাবে নিরাপত্তার ঘাটতি তৈরি হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কয়েকজন যুবক মাঠের পাশে বাঁধাই করা একটি খাতার বান্ডিল দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ এসে খাতাগুলো উদ্ধার করে নিয়ে যায় থানায়।

একই এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষাসংক্রান্ত খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে ৯ মে কাছাকাছি স্থান থেকে উদ্ধার করা হয়েছিল অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা।

অভিভাবক নুরে আলম বলেছেন, শিক্ষার্থীরা দীর্ঘ সময় পরিশ্রম করে অংশ নেয় পরীক্ষায়। সেই উত্তরপত্র যদি এভাবে বাইরে পড়ে থাকে, তাহলে পরীক্ষার নিরাপত্তা ও মূল্যায়ন ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

হাজীপাড়া এলাকার বাসিন্দা কুতুব আলীর ভাষ্য, ‘পরীক্ষার খাতা শুধু কাগজ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করা জরুরি।’

কয়েকজন এসএসসি পরীক্ষার্থীও এ ঘটনায় প্রকাশ করেছেন উদ্বেগ। শিক্ষার্থী লাবিব হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পরীক্ষার খাতা সঠিকভাবে সংরক্ষণ না হলে প্রভাব পড়তে পারে ফলের ওপরও। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে সংরক্ষণ করেছে থানায়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে। কীভাবে উত্তরপত্রগুলো মাঠে এলো এবং দায়িত্বে কারও অবহেলা ছিল কি না, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222