কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ এবং ইসলামী আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগরে পীর শামীম রেজার দরবারে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। ওই সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পাশাপাশি পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে তার নিজ কক্ষ থেকে বের করে আনা হয়। পরে তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার তিনদিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
টিএইচএ/
