কর্ণফুলীতে নোঙর করা জাহাজে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ

by Abid vs36

 কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ ফিশিং’ নামক একটি জাহাজের ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে কর্মরত ছয়জন অফিসার ও নাবিক গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে কর্মরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ। নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ২টার দিকে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় এসে নোঙর করে। মঙ্গলবার দুপুরে হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত ওই ছয়জন অগ্নিদগ্ধ হন।

বিজ্ঞাপন
banner

দুর্ঘটনার পর মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদী হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন, যার নম্বর ১৩১৬। তবে জাহাজে এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জাহাজে বিস্ফোরণ ও আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুত রাজধানী ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222