বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন সরকারি সেবা নিশ্চিত করতে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে যথাযথভাবে অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। পাশাপাশি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সোমবার দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সরকারি দপ্তরগুলোতে সেবার মান উন্নয়ন, সময়ানুবর্তিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। এর আগে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার বিষয়েও বিস্তারিত মতবিনিময় করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।
টিএইচএ/
