বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সরকারি ও স্থানীয় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। একই সাথে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ জনকে বিভাটেক ও ৪০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এ ছাড়া দুস্থ ও অসহায় পরিবারের সামাজিক সুরক্ষায় ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এই ধরনের মানবিক ও সামাজিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
টিএইচএ/
