ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, ঈমান-আকিদা সংরক্ষণ এবং মুসলিম সমাজের নেতৃত্ব প্রদানে উলামায়ে দেওবন্দ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তাদের আত্মত্যাগ, দেশপ্রেম ও দ্বীনি নেতৃত্ব আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। উলামায়ে দেওবন্দ শুধু ইসলামী শিক্ষা ও আদর্শের ধারকই নন, বরং তারা ছিলেন দেশ ও জাতির ক্রান্তিকালের অতন্দ্র প্রহরী। সিলেটে আয়োজিত এক সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম ও গবেষকরা এসব কথা বলেন।
গত শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়। “ভারত উপমহাদেশের স্বাধীনতার সংগ্রামে এবং বাতিল মতবাদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দের অবদান” শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে ‘সেভ দ্য উম্মাহ বাংলাদেশ’। জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসা সিলেটের শায়খুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য উম্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও ঢাকা আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদ।
মাওলানা আখতারুজ্জামান তালুকদার ও মাওলানা আতিকুর রহমান নগরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা এহতেশামুল হক কাসেমি, মাওলানা আহমদ সগির, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সদরুল আমীন, মুফতি আহমাদুল হক উমামা এবং হাফেজ খুবাইব আহমদসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল একদিকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই, অন্যদিকে ইসলামবিরোধী নানা বাতিল মতবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঈমান ও আকিদা রক্ষার আন্দোলন। তাদের ত্যাগ ও কুরবানির ইতিহাস নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি।
সেমিনারে বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে উলামায়ে দেওবন্দের ত্যাগ, দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। আদর্শবান, দেশপ্রেমিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে উলামায়ে দেওবন্দের সমৃদ্ধ ইতিহাস অধ্যয়ন এবং তাদের জীবনাদর্শ অনুসরণের ওপরও তারা বিশেষ গুরুত্বারোপ করেন। সেমিনারে সিলেটের বিভিন্ন স্তরের আলেম-উলামা, গবেষক, শিক্ষাবিদ, ছাত্র ও সুধীজন উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
টিএইচএ/
