জামালপুরে ৮ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগ, খুঁটিতে বেঁধে রাখা মা গ্রেপ্তার

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের মেলান্দহে নিজের শিশু সন্তান শাওনকে (৮ মাস) হত্যার অভিযোগে এক গৃহবধূকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই মাকে উদ্ধারের পর গ্রেপ্তার করেছে।

রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী (২০) জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড় এলাকার মুন্তাজ আলীর মেয়ে এবং মেলান্দহ উপজেলার ভাবকী গোপালবাড়ি এলাকার হুমায়ন আহমেদের স্ত্রী।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবকী গোপালবাড়ি এলাকার হুমায়ুন আহমেদ (২৫) ও শ্রাবন্তী দম্পতির একমাত্র সন্তান ৮ মাস বয়সী শাওন। শনিবার রাতে বাবা-মায়ের সঙ্গেই ঘুমিয়ে ছিল শিশুটি। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে হুমায়ুন দেখেন ঘরের সামনের ও পেছনের দুটি দরজাই খোলা এবং বিছানায় তার স্ত্রী ও সন্তান কেউই নেই। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া কিতাবের বাড়ির পাশে শ্রাবন্তীকে দেখতে পান স্বজনরা। এর কিছুক্ষণ পরেই বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনের মরদেহ দেখতে পান তারা। এ সময় নিজের সন্তানকে হত্যার অভিযোগে শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন ক্ষুব্ধ স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শ্রাবন্তী বলেন, রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে আমি দরজা খুলে দিই। এ সময় এক মুখোশধারী ব্যক্তি আমার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। এরপর সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে আমাকে ভাবকী বাজার এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে এখানে বেঁধে রাখে। আমার সন্তানকে কে বা কারা মেরেছে, আমি তা জানি না।

অন্যদিকে স্বামী হুমায়ুন আহমেদ দাবি করেন, এর আগেও কয়েকবার ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল শ্রাবন্তী। সে একাধিক ছেলের সঙ্গে ফোনে কথা বলতো এবং এই বিষয়ে কয়েকবার বিচার সালিশও হয়েছে। এবার বাবার বাড়ি থেকে আসার সময় সে তার মোবাইলটি সেখানেই রেখে এসেছে। ও-ই আমার ছেলেকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত নারীকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222