এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)
জামালপুরে রেলওয়ের আন্তঃজেলা ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ৯৬৩টি সক্রিয় সিমকার্ড, ১২টি ট্রেনের টিকিট ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিনাতুর রহমান মিনাত (২৫) ও শাকিব (২৪)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃজেলা ট্রেনের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা টিকিট কালোবাজারি করতেন।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ এর একটি দল অভিযান চালিয়ে চক্রটির মূলহোতাসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭টি রুটের বিভিন্ন ট্রেনের ১২টি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটগুলোর মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।
এ বিষয়ে সিপিসি-১, র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”
এনআর/
