পরিষ্কার হয়ে গেছে আমরা এক, মাওলানা মামুনুল হককে হেফাজত আমীর

by hsnalmahmud@gmail.com

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

রবিবার (১৭ মে) সকালে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনী স্মারক শহীদনামা গ্রন্থটি হাদীয়া হিসেবে প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

সৌজন্য সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এ ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তা সত্ত্বেও চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থে এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ বিভিন্ন দলের সাথে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। তবে এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকীদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আমীর যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলাম পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের উপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সাথে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এসময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।”

এসময় আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিম‌উদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222