হেফাজত থেকে রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার, নেপথ্যে কী

by hsnalmahmud@gmail.com

চিফ রিপোর্টার:: ভোলা জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তিনি হেফাজতের সাবেক আমির মাওলানা জুনাইদ বাবুনগরী (রহ.)-এর খাদেম হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

শুক্রবার (১৫ মে) হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

কী অভিযোগে বহিষ্কার

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ তুলেছেন। পাশাপাশি মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়।

খিলগাঁওয়ে জরুরি বৈঠক

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁওয়ে হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ফারুকীর উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনায় কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা বাস্তবভিত্তি পাওয়া যায়নি। ফলে এসব ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

বহিষ্কারের সিদ্ধান্ত

বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ প্রদান এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মানহানি ও সংগঠনের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের গণহত্যা সংক্রান্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বমুহূর্তে মামলার বাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়ে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দেশি-বিদেশি একটি চক্র সক্রিয় রয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশবাসী ও সর্বস্তরের তাওহিদী জনতাকে গুজব ও যাচাইবিহীন তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালালে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমীসহ আরও অনেক নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222