রুয়েটে দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি, প্যানিক অ্যাটাকে হাসপাতালে এক

by Abid vs36

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে ভেঙে পড়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন দারুস সালাম মসজিদের পেছনে ‘জননী প্যালেস’ মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইবনুল হোসাইন (মিথুন) ও শাহরিয়ার আবেদিন হৃদয়।

মেস সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দুই শিক্ষার্থী রুমের দরজা খোলা রেখেই পাশের রুমে গল্প করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তাদের ব্যবহৃত দুটি ল্যাপটপই উধাও। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ল্যাপটপগুলো ব্যাগে ভরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে।

সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির পরনে ‘লিয়ন (১০৭)’ লেখা রুয়েটের একটি জার্সি দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকায় অন্য এক শিক্ষার্থীর মালামাল চুরির ঘটনায়ও একই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগের সেই ঘটনায় জিডি করা হলেও আজ পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা অপরাধী শনাক্ত হয়নি।

ল্যাপটপ হারানোর বিষয়টি মেনে নিতে না পেরে মিথুন নামে এক শিক্ষার্থী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে আবাসিক এলাকায় একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222