মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
রোববার (১০ মে) সকাল থেকেই বর্ণিল সাজে নবীনদের আগমনে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর রূপ ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে পরিচিতি ক্লাস শুরু হওয়ার মধ্য দিয়ে উচ্চশিক্ষার নতুন এক অধ্যায়ে পা রাখলেন হাজারো শিক্ষার্থী।
সকাল থেকেই ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের স্বতঃস্ফূর্ত পদচারণায় নতুন প্রাণ ফিরে পেয়েছে মতিহারের এই সবুজ চত্বর। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, আম চত্বর, শহীদ মিনার, পরিবহন মার্কেট ও ইবলিশ চত্বরসহ প্রতিটি আড্ডার স্থলে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। ওরিয়েন্টেশন ক্লাস শেষে অ্যাকাডেমিক ভবনগুলো থেকে শিক্ষার্থীদের বের হওয়ার পর পুরো ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। কারও হাতে ছিল বরণ করে নেওয়া ফুল, কেউবা ব্যস্ত ছিলেন নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হতে। ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা আর প্রবীণদের গানে গানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফলিত গণিত বিভাগের নবীন শিক্ষার্থী সুষ্মিতা দাস জানান, আজ তার জীবনের অন্যতম স্মরণীয় দিন। শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও সহপাঠীদের সাথে পরিচিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. তানভীর কাজী বলেন, দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠে ভর্তি হতে পেরে তিনি গর্বিত।
এদিকে নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র্যাগিংয়ের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান স্পষ্ট জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণ র্যাগিংমুক্ত। অতীতে এ ধরনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কেউ র্যাগিংয়ে লিপ্ত হলে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলা এবং নৈতিকভাবে নিজেদের পরিচালিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে।
টিএইচএ/
