মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন প্রতিষ্ঠান ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশিত ‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস র্যাংকিং ২০২৬-২৭’-এ বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বে যৌথভাবে ৬১২তম, এশিয়ায় যৌথভাবে ১৭৬তম এবং বাংলাদেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির গ্লোবাল স্কোর এসেছে ৪৫ দশমিক ৫।
বিগত বছরের তুলনায় এবার র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিগত ২০২৫ সালের ইউএস নিউজ র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ছিল ৬৩৮তম এবং দেশের মধ্যে দ্বিতীয়। এক বছরের ব্যবধানে ২৬ ধাপ এগিয়ে বৈশ্বিক তালিকায় ৬১২তম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
র্যাংকিংয়ের বিভিন্ন সূচকেও অভূতপূর্ব অগ্রগতি দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি। গবেষণার প্রভাব পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক ‘নর্মালাইজড সাইটেশন ইমপ্যাক্ট’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৪৩৪তম স্থানে উঠে এসেছে।
উল্লেখ্য, ইউএস নিউজের এই আন্তর্জাতিক র্যাংকিংটি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মান, গবেষণাপত্র প্রকাশনা, গবেষণার প্রভাব (সাইটেশন), আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উচ্চ উদ্ধৃত গবেষণা এবং একাডেমিক সুনামসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে প্রস্তুত করা হয়। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রভাবশালী মূল্যায়ন সূচকগুলোর একটি হিসেবে সারাবিশ্বে বিবেচিত হয়ে থাকে।
টিএইচএ/
