নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের প্রতিরোধ মিছিল

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ সোমবার (২২ জুন) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পেছনে অবস্থিত ছাত্রদলের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি রবীন্দ্র ভবনের সামনে দিয়ে ঐতিহ্যবাহী প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘খুনী হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ’ সহ বিভিন্ন সরকারবিরোধী ও অধিকার আদায়ের স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করে ক্যাম্পাসজুড়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন
banner

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই জনগণের প্রকৃত প্রতিনিধি ছিলেন না এবং তাদের কর্মকাণ্ড সবসময়ই গণবিরোধী ছিল। এসব অপকর্ম ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বা ক্লাসে উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সাথে ভবিষ্যতে দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের কোনো সুযোগ থাকা উচিত নয় বলেও তিনি তাদের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মিছিলে অংশ নিয়ে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা হাসান খান বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের মৌলিক অধিকার পুরোপুরি ক্ষুণ্ন হয়েছে। এই দীর্ঘ সময়ে দেশে অসংখ্য গুম, খুন ও রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তিনি অনতিবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, অতীতের সেই স্বৈরাচারী সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এখনো নানা ধরনের চেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিগত সময়ের অন্যায়, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222