নিজস্ব প্রতিবেদক:: গাইবান্ধায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মাবলম্বী নাগরিক নিজ নিজ ধর্মীয় অধিকার শান্তিপূর্ণভাবে পালনের সাংবিধানিক অধিকার ভোগ করেন। তবে সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় বিভিন্ন পক্ষের উসকানিমূলক আচরণ, উত্তেজনাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার কারণে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা ও ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংবাদমাধ্যমে জানা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সমাজে বিভেদ, সংঘাত কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সাআদ বিন জাকির আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনের শাসন এবং ন্যায়বিচারের মাধ্যমে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
বিবৃতির শেষে তিনি আল্লাহ তাআলার কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় থাকার জন্য দোয়া করেন।
হাআমা/
