রুয়েট প্রতিনিধি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা প্রদান উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তিন ধাপে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
এদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে পরিজ্ঞান সভার কার্যক্রম পরিচালিত হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের রুয়েট পরিবারে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের শ্রেষ্ঠ সময়। এই পথচলাকে সুন্দর ও নিরাপদ রাখতে ছাত্রকল্যাণ দপ্তর বদ্ধপরিকর। তিনি ক্যাম্পাসে র্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দক্ষ প্রকৌশলী হিসেবে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে মেধার স্বাক্ষর রাখছে। আজ যারা নতুন অধ্যায় শুরু করলে, তাদের উচিত পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করা। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে এই তরুণ প্রকৌশলীদের ভূমিকা হবে অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে অনুষদীয় ডিনগণ শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের শিক্ষার্থী আলমাস হোসেন আদিব। ঠাকুরগাঁও থেকে আসা এই শিক্ষার্থী জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও গ্রাম থেকে একা প্রস্তুতি নিয়ে রুয়েটে ভর্তি হতে পেরে তিনি গর্বিত। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে রুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, নবীনবরণ শেষে জানানো হয় যে, নির্ধারিত রুটিন অনুযায়ী আগামী ১০ মে থেকেই প্রথম বর্ষের নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।
টিএইচএ/
