মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

by Abid

আন্তর্জাতিক ডেস্ক:  দীর্ঘ চার দিনের রাজনৈতিক নাটক ও দরকষাকষির অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।

শনিবার (৯ মে) বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বিজয়ের সরকার গঠনের পথ চূড়ান্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ডিএমকে ও এআইএডিএমকের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে পেছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে টিভিকের প্রকৃত আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে গত তিন দিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শনিবার ভিসিকে ও আইইউএমএল-এর দুই জন করে মোট ৪ জন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের পক্ষে এখন মোট ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত হয়েছে।

চূড়ান্ত রাজনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে, টিভিকের ১০৭ জন বিধায়কের সঙ্গে কংগ্রেসের ৫ জন, বাম দলগুলোর ৪ জন এবং ভিসিকে ও আইইউএমএল-এর ৪ জন বিধায়ক যুক্ত হওয়ায় বিজয়ের জোট এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। এর আগে দুই দশকের পুরনো মিত্র ডিএমকে ছেড়ে সবার আগে কংগ্রেস বিজয়কে সমর্থন জানিয়েছিল। পরবর্তীতে বাম দলগুলোও তাঁদের ৪ বিধায়ক নিয়ে জোটে যোগ দেয়। সবশেষ দুই ছোট দলের আনুষ্ঠানিক সমর্থনে বিজয়ের সামনে এখন সরকার গঠনের আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের প্রথাগত দ্বিমেরু রাজনীতি ভেঙে থালাপতি বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ‘জানা নায়াগান’ খ্যাত এই সুপারস্টার দ্রুতই রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই বিজয়ের মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিনয়ের পর রাজনীতিতে এসে রাজ্য শাসনের দীর্ঘ ঐতিহ্যে শামিল হলেন থালাপতি বিজয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222