ইউটিউব দেখে ঝাড়খণ্ড উচ্চমাধ্যমিকে প্রথম রশিদা, দ্বিতীয় ফয়জান

by Abid

ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল (জেএসি) পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে মেধার স্বাক্ষর রেখে বিজ্ঞান বিভাগে রাজ্যজুড়ে প্রথম স্থান অধিকার করেছেন ধানবাদের পাথারদিহার ডিএভি হাই স্কুলের ছাত্রী রশিদা নাজ। ৫০০ নম্বরের মধ্যে ৪৮৯ নম্বর পেয়ে অভাবনীয় এই সাফল্য অর্জন করেছেন তিনি। কোনো ধরনের ব্যয়বহুল কোচিং বা অফলাইন টিউটরের সাহায্য ছাড়াই শুধুমাত্র ইউটিউব, স্ব-অধ্যয়ন এবং নিয়মিত কঠোর পরিশ্রমকে পুঁজি করে রশিদা এই গৌরবময় স্থান দখল করেছেন। তার এই সাফল্য এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাটালির ফয়জান আলম, যার প্রাপ্ত নম্বর ৪৮৩। এছাড়া ৪৮১ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন সাতবারওয়ার সানা আফরিন এবং সিমারিয়ার আকাঙ্ক্ষা কুমারী। রশিদা নাজ তার সাফল্যের মূলমন্ত্র হিসেবে নিয়মিত পড়াশোনা এবং বিষয়ভিত্তিক সম্যক জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়েছেন। তিনি জানান, ঘণ্টার পর ঘণ্টা বইয়ের সামনে বসে না থেকে তিনি গুণগত পড়াশোনায় বিশ্বাসী ছিলেন। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। বিশেষ করে এনসিইআরটি (NCERT) পাঠ্যবইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়া এবং অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ইউটিউবের সঠিক ব্যবহার তাকে সিলেবাস বুঝতে ব্যাপক সহায়তা করেছে। পড়ার পাশাপাশি প্রতিটি বিষয়ের নিজস্ব নোট তৈরি করা তার প্রস্তুতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, যা পরীক্ষার সময় রিভিশন দিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বিজ্ঞাপন
banner

নিজের দৈনন্দিন রুটিন সম্পর্কে রশিদা জানান, তিনি ভোর ৪টায় ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে কয়েক ঘণ্টা পড়াশোনা সেরে নিতেন। স্কুল থেকে ফিরেও দিনের সিংহভাগ সময় বইয়ের সাথেই কাটাতেন। গণিত তার প্রিয় বিষয় হলেও শুরুতে পদার্থবিজ্ঞান নিয়ে কিছুটা ভীতি ছিল। তবে স্কুলের শিক্ষক সঞ্জয় স্যারের দিকনির্দেশনায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে সেই জড়তা কাটিয়ে ওঠেন তিনি। রশিদা মনে করেন, পদার্থবিজ্ঞানে গাণিতিক প্রশ্ন সমাধান এবং গণিতে সর্বাধিক চর্চাই সাফল্যের চাবিকাঠি। নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি বাবা-মা, শিক্ষক এবং বড় বোনের অনুপ্রেরণাকে দিয়েছেন। ভবিষ্যতে বিএসসি সম্পন্ন করে একজন অধ্যাপক হওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখার স্বপ্ন দেখেন এই মেধাবী শিক্ষার্থী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222