৩৬ নিউজ ডেস্ক :: শান্তির ঐক্যের ভাঙর গড়তে চান বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হওয়া আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) নেতা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, গুটি কয়েক গণ্ডগোল হয়েছে। আমি বলে দিয়েছি। আইএসএফ এসব বরদাশত করবে না। আমাদের দলের নামে কেউ যদি অন্যদের উপর কোনো আক্রমণ করে তাকেও দল রাখবে না। এমনকি আমার ভাই-আমাকেও ছাড় দেবে না।
বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) নেতা নওশাদ সিদ্দিকী।
নওশাদ সিদ্দিকী বলেন, কাঁধে আইএসএফের ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে পড়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করছি। আইনত ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ। আইএসএফের কেউ এ কাজ করলেও তাকে দল থেকে বহিষ্কার করবো।
তৃণমূলকে চোখ রাঙিয়ে আইএসএফের নেতা বলেন, এবার আমরা তৃণমূলকে পরাস্ত করেছি। সামনের দিনে আমরা বিজেপিকেও পরাস্ত করবো ইনশাআল্লাহ।
বিজেপিকে নিয়ে তিনি বলেন, বিজেপির সঙ্গে আমাদের সম্পর্ক না ছিল, না আছে, আগামী দিনেও তারা নিজেদের আইডোলজি পরিবর্তন না করলে সম্পর্ক থাকবে না।
তৃণমূলের দৃষ্টি আকর্ষণ করে আইএসএফের চেয়ারম্যান বলেন, আজ মমতা কোথায়? তার দলের ৮০ জন বিধায়ক কোথায়? মসজিদে আক্রমণ হচ্ছে, বাড়িঘরে আক্রমণ হচ্ছে তারা বাধা দিচ্ছে না কেন? আমি মমতার কাছে জবাব চাই।
