নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকাল

by hsnalmahmud@gmail.com

চট্টগ্রামের প্রবীণ আলেম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে ) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বিজ্ঞাপন
banner

এর আগে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী আর আমাদের মাঝে নেই।

আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব হাকীমবক্স চৌধুরী, যিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

তিনি স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

দ্বীনি খেদমতের অংশ হিসেবে তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ বহু দীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়া-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রাম-এর পরিচালক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর নির্বাচিত হন। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যা সন্তান রেখে যান।

আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে ইসলামি অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222