৩৬ নিউজ প্রতিবেদক:: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এক বিশেষ আলোচনা সভায় মিলিত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বাদ জোহর নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস লিখে আল্লামা আব্দুল কাদির সাহেব এর আহ্বানে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একজন হক্কানী আলেমকে মেয়র হিসেবে পাওয়ার তীব্র প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, নারায়ণগঞ্জ আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক কওমি মাদ্রাসার শহর। এখানে আলেম সমাজ যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারেন, তবে নির্বাচনে আলেম প্রতিনিধিকে বিজয়ী করা খুবই সহজ হবে। এই লক্ষ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় আশ্বাস দেন।

সভার প্রধান অতিথি আল্লামা আব্দুল কাদির তার বক্তব্যে ওলামায়ে কেরামের ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর সাথে একমত পোষণ করে মুফতি জাকির হোসেন কাসেমী বলেন, অনেকের কারণেই হয়তো জাতীয় নির্বাচনে আলেমগণ কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হননি। কিন্তু আসন্ন স্থানীয় এই নির্বাচনে যদি আলেম সমাজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকেন এবং একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কাজ চালিয়ে যান, তবে আলেম প্রতিনিধির বিজয়কে ঠেকানোর মতো শক্তি কারো নেই। উপস্থিত সকল ওলামায়ে কেরাম এই বক্তব্যের সাথে জোরালোভাবে একমত পোষণ করেন।
বাদ জোহর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল আউয়াল (ডিআইটি) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কাদের (আমলাপাড়া মাদ্রাসা)।

এছাড়াও আলোচনা সভায় নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন— মুফতি আব্দুস সবুর কাসেমী (কাশীপুর মাদ্রাসা), মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি দ্বীন ইসলাম, মাওলানা বদরুল আলম মিরাঠি, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা জহির সাহেব, মুফতি ফয়জুল্লাহ সহ আরও অনেক ওলামায়ে কেরাম।
নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের এমন সুসংগঠিত অবস্থান নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাআমা/
