‘জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: জামায়াতে ইসলামীর কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এই ঘটনাকে ‘স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সাংবাদিকগণ হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনগণের চোখ হয়ে তারা সমাজের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ। জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে আজকে যা ঘটেছে, তা জামায়াতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করি।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, এই হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এবং দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন আহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করা হয়।

শেখ ফজলুল করীম মারুফ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার অজুহাত ছাড়াই দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। হামলায় সম্পৃক্তরা জামায়াতের নেতা-কর্মী বলে অনুমান করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন তারা।

একই সাথে জামায়াত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কর্মীদের মানসিকতা গঠনে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার এবং দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222