নিজস্ব প্রতিবেদন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিশ্বে শ্রমিক রাজনীতির ওপর ভিত্তি করে অনেক সফল বিপ্লব সাধিত হলেও বাংলাদেশে শ্রমিকদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। বরং দীর্ঘকাল ধরে শ্রমিকদের কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুস আহমদ বলেন, শ্রমিককে কেন্দ্র করে রাজনীতির ইতিহাস এ দেশে অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু বাস্তবতা হলো শ্রমিকের অবস্থার অবনতি ঘটেছে। ইসলামী শ্রমিক আন্দোলনকে প্রচলিত এই ধারা পরিবর্তন করতে হবে। শ্রমিকদের ব্যবহার করার অপরাজনীতি রোধ করে সত্যিকার অর্থেই একটি শ্রমিকবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি স্থাপন করা জরুরি।
সভায় বিশেষ বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রচলিত ধারার রাজনীতিতে মালিক ও শ্রমিকের সম্পর্ককে সবসময় সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মালিক পক্ষ মনে করে শ্রমিক রাজনীতি মানেই নৈরাজ্য, আর শ্রমিকরা মনে করে এটি কেবল মালিকের সঙ্গে সংঘাতের পথ। এই নেতিবাচক মানসিকতার অবসান ঘটিয়ে মালিক ও শ্রমিকের পারস্পরিক বোঝাপড়া এবং উভয়ের স্বার্থ নিশ্চিত করার রাজনীতি ছড়িয়ে দিতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলন মালিক-শ্রমিক দ্বন্দ্বের বদলে ইনসাফ ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান। এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে তাদের সাংগঠনিক পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। সভা শেষে শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
টিএইচএ/
