দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জনমনে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত এমন একটি রাষ্ট্র ও সমাজ দেখতে চায়, যেখানে জানমালের নিরাপত্তা থাকবে এবং কোনো ধরনের অবিচার বা নির্যাতনের ভয় থাকবে না। এই প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক।
তারেক রহমান তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। তবে এই দায়িত্ব পালনের পথ সুগম করতে হলে পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে। তিনি এবারের পুলিশ সপ্তাহকে জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি বিশেষ মুহূর্ত হিসেবে গণ্য করার আহ্বান জানান। বাণীতে তিনি বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে ঘরে-বাইরে জনমনে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে এই লক্ষ্য অর্জন দুরূহ হয়ে পড়বে। এ কারণে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের মূল অগ্রাধিকার। তারেক রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে যে, একটি উপযোগী ও অনুকূল পরিবেশে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশের সাফল্যের প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। সরকার জননিরাপত্তার স্বার্থেই পুলিশের উন্নয়নে বিনিয়োগকে অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে।
বিবৃতির শেষাংশে তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান। তারেক রহমান পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য ও বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
টিএইচএ/
