বশির আহমেদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর মনোহরদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
শনিবার (৯ মে) মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পিএফজি’র ত্রৈমাসিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলার বর্তমান স্থিতিশীলতা বজায় রাখা এবং সামাজিক অস্থিরতা রোধে বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন পিএফজি কোঅর্ডিনেটর ও সাংবাদিক নেতা কাজী আনোয়ার কামাল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। তিনি তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিম, রাজনীতিবিদ এমদাদুল হক টিটো, নারী নেত্রী নারগিছ সুলতানা, জনপ্রতিনিধি এম সুলতান উদ্দিন, শিক্ষক নেতা এ. টি. এম. আশ্রাফুল আলম, আতাহার আলী ও সাংবাদিক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার কোনো বিকল্প নেই। মনোহরদীতে দীর্ঘদিনের সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় আগামী জুন মাসে শান্তি ও সম্প্রীতি বিষয়ক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষের মধ্যে বিদ্যমান সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একই দিনে পৃথকভাবে ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (ওয়াইপিএজি) এবং ওমেন এগেইনস্ট ভায়োলেন্স অ্যান্ড এক্সট্রিমিজম (ওয়েভ)-এর সভাও অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের পক্ষ থেকে সনজন কুমার রায়, মো. বোরহান উদ্দিন, সরকার মো. ফারুক হোসেন, মীর ছালেহা (কাঞ্চি) এবং মোবারক হোসেন তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পরিশেষে, মনোহরদীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি বৃহত্তর ‘মনোহরদী নাগরিক প্ল্যাটফর্ম’ গঠনের সর্বসম্মত সিদ্ধান্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
টিএইচএ/
