রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নবীন ছাত্রীদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে রুয়েট নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের সাফল্য অর্জন করেছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন ক্লাসের আগেই আবেদনকারী সকল ছাত্রীকে হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ওরিয়েন্টেশনের আগের দিন আনুষ্ঠানিকভাবে নবীন ছাত্রীদের হাতে হলের আসন ও কক্ষ বুঝিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে হল প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে রুয়েটে মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন ছাত্রী হলে আবাসনের জন্য আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে আবেদনকারী এই ২১০ জন ছাত্রীর সবার জন্যই আসন নিশ্চিত করেছে। রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, নবীন ছাত্রীদের মধ্যে ৬০ জনকে ‘ফিমেল হল-১’ এবং ১৫০ জনকে ‘ফিমেল হল-২’-এ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে’র মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংক রশিদ ও প্রয়োজনীয় আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে ছাত্রীদের কক্ষ বণ্টন সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানান, নতুন হলগুলোর নির্মাণকাজ মূলত ২০২৬ সালের ডিসেম্বরের দিকে শেষ হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে উপাচার্যের বিশেষ নির্দেশনায় কাজ ত্বরান্বিত করা হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস আগেই হলগুলো ব্যবহারের উপযোগী করে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। এর ফলে নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা সহজ হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে পূর্ণাঙ্গ আবাসিক করার লক্ষ্য নিয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান অগ্রাধিকার হলো শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা। নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশনের আগেই আবাসন নিশ্চিত করা প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ ও সদিচ্ছারই প্রতিফলন। তিনি আরও জানান, ছাত্রীদের জন্য হলের ভেতরে আধুনিক জিমনেশিয়াম, ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং চা-কফি মেশিনের মতো আধুনিক সুবিধা সংযোজন করা হচ্ছে। ক্যাম্পাসের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রাইভেসি বজায় রেখে আধুনিক আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রুয়েটকে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
টিএইচএ/
