এসএসসি পরীক্ষায় দিনাজপুর হাজীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়নি কেউ

by Abid

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। বিদ্যালয়ের নথিপত্রে দুই শতাধিক শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে মাত্র ৬ জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে। শিক্ষার্থী সংকট, অনিয়মিত পাঠদান এবং প্রশাসনিক নজরদারির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বর্তমানে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ২০০১ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত থাকলেও তাদের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন উঠেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এখান থেকে একজন শিক্ষার্থীও এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এর আগের বছরগুলোতেও চিত্র ছিল হতাশাজনক। ২০২৫ সালে মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২৪ সালে ৫ জনের মধ্যে ৪ জন এবং ২০২৩ সালে ১১ জনের মধ্যে ৮ জন পাস করলেও ২০২২ সালে ১১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, খাতা-কলমে প্রায় ২০০ শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাত্র ৬ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। হাজিরা খাতা পর্যালোচনা করে মার্চ ও চলতি এপ্রিল মাসে নিয়মিত উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। অন্যদিকে কর্মরত ১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৬ জন। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষার্থী সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর জন্য উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নামও এই বিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার মান নিম্নমুখী হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের বিকল্প প্রতিষ্ঠানে সরিয়ে নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ চন্দ্র রায় এ বিষয়ে বলেন, ২০২২ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ার পর থেকেই মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কমতে শুরু করেছে। পরিস্থিতি উত্তরণের চেষ্টা চলছে দাবি করে বর্তমান অনুপস্থিতির জন্য তিনি প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেন। তবে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও অংশ না নেওয়া দুঃখজনক। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222