জবি অর্থনীতি অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত: ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার

by Abid

রাকিব মাহী (জবি প্রতিনিধি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অ্যালামনাইদের ভূমিকা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও অর্থনীতি বিভাগের অ্যালামনাই সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কিছু মানুষ সমাজ ও সংগঠনের কল্যাণের জন্যই নিবেদিত থাকেন, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এমন নেতৃত্বকে সামনের সারিতে আনা প্রয়োজন। তিনি স্মৃতিচারণ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৎকালীন ছাত্রনেতারা যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সেই একই চেতনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, অ্যালামনাইদের দল-মতের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করতে হবে। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে, অর্থনীতি বিভাগের একাধিক প্রাক্তন শিক্ষার্থী বর্তমান জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় প্রাপ্তি। উপাচার্য আরও ঘোষণা দেন যে, ১৯৯৫ সালের ২ নভেম্বর বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার মাধ্যমে এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন, তাই সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে এখন থেকে প্রতিবছর ২ নভেম্বর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করা হবে। পাশাপাশি আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই একটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে তার সাবেক শিক্ষার্থীরা। তাদের সক্রিয় অংশগ্রহণ একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফ মোশাররফ হোসেনও বিভাগীয় উন্নয়নে প্রাক্তনদের সম্পৃক্ততা কামনা করেন। অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসিন বিশ্বাস। অনুষ্ঠানের শেষাংশে সাবেক শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতি ও অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222