আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল শনিবার রাজধানীতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংগঠনটির ৮১ বছর পূর্তি উপলক্ষে আগামী অক্টোবরে সোহরাওয়ার্দী উদ্যানে ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৩টায় এ সভা শুরু হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
শুক্রবার সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুল্লাহ ফিরোজী ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আঞ্জুমানের ৮১ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশ্বান ইজতেমা আয়োজনের প্রস্তুতি হিসেবে এই মতবিনিময় সভা ডাকা হয়েছে। এতে দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ উলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত থাকবেন।
সংগঠন সূত্রে জানা গেছে, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। কুতবে দাওরান মুজাদ্দিদে যামান খলীফায়ে মাদানী আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকালে তিনি হযরত মাদানী (রহ.)-এর নির্দেশনা, হযরত থানভী (রহ.)-এর অনুমোদন এবং সমকালীন বহু আলেমের সমর্থন লাভ করেন। বিশেষ করে আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) ও ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।
সংগঠনটি দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানবিক সহায়তা কার্যক্রমেও সংগঠনটির ভূমিকা রয়েছে।
সংগঠন সংশ্লিষ্টরা বলছেন, আগামী অক্টোবরে সোহরাওয়ার্দী উদ্যানে ইজতেমা আয়োজন সফল করতে মতবিনিময় সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামা ও সংগঠনের দায়িত্বশীলদের মতামত নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।
হাআমা/
