জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’, হানি ট্র্যাপের মাধ্যমে নারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে পরিকল্পিতভাবে সাংগঠনিক ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে ছাত্রদলের নেতারা দাবি করেন, সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে শিবির কর্মীরা ক্যাম্পাসে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি ক্যাম্পাসের এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা ও যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। শুরুতে সংশ্লিষ্ট সংগঠনটি তাকে কর্মী হিসেবে অস্বীকার করলেও পরে জানা যায় তিনি শিবিরের একজন পদধারী নেতা। অভিযোগ ওঠার পরপরই ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি নিষ্ক্রিয় করে দেন, যা মূলত তাদের ‘গুপ্ত রাজনীতি’র একটি অংশ।
ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাত দিয়ে মানববন্ধনে জানানো হয়, অভিযুক্ত শিক্ষার্থী কৌশলে একাধিক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে তা ভেঙে দিয়েছেন এবং মানসিকভাবে হেনস্তা করেছেন। এই ঘটনায় এ পর্যন্ত অন্তত তিনজন ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বক্তারা আরও বলেন, ‘হানি ট্র্যাপ’ বা প্রতারণামূলক কৌশল ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের প্রভাবিত করার ঘটনা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। কোনো সংগঠনের কর্মী এমন গুরুতর অপরাধে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তার বক্তব্যে বলেন, বর্তমানে যারা শিবির পরিচয়ে ক্যাম্পাসে সক্রিয় হতে চাচ্ছে, তাদের অনেকেই অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এরা মূলত হল বাণিজ্য ও শ্লীলতাহানি সহ বিভিন্ন অপকর্মের হোতা। তিনি অবিলম্বে এই ‘গুপ্ত রাজনীতির’ হোতাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার এবং শিবিরের সকল কর্মীর তালিকা প্রকাশের দাবি জানান। মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনসহ জাফর আহমেদ, মোস্তাফিজ রুমি, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল ও ইয়াকুব শেখ অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টিএইচএ/
