মাদরাসায় মোবাইল চালানোয় দাওরায়ে হাদিসের সব ছাত্র বহিষ্কার

by hsnalmahmud@gmail.com

মোবাইল ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস (সর্বোচ্চ শ্রেণি) বিভাগের সব শিক্ষার্থীকে একযোগে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসাটির শিক্ষক মাওলানা শফী কাসেমী নদভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের কওমী মাদ্রাসা অঙ্গনে এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের দাওরার সব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, সম্প্রতি মাদ্রাসায় মোবাইল চেকিং চালানো হলে দাওরার শিক্ষার্থীরা আগেই বিষয়টি আঁচ করতে পেরে মোবাইল সরিয়ে ফেলে। ফলে তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার না হলেও অন্যান্য জামাত থেকে মোবাইল পাওয়া যায়। তবে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রাখায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, দাওরার শিক্ষার্থীরা মাগরিবের সময় বুখারী শরীফের দরস বর্জন করে দারুল হাদিস কক্ষে তালা লাগিয়ে দেন এবং বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদ্রাসা কর্তৃপক্ষ পাল্টা পদক্ষেপ হিসেবে মাদ্রাসার প্রবেশপথেও তালা ঝুলিয়ে দেয়।

মাওলানা শফী কাসেমী নদভী বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ভুল স্বীকার করে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন। তবে সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত তারা ক্ষমা না চাওয়ায় শেষ পর্যন্ত বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য অনেক শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে।

তিনি দাবি করেন, বহিষ্কৃত এই গ্রুপটি আগের বছরও একটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, যা অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল এবং প্রতিষ্ঠানের ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক ছিল।

শিক্ষকদের মতে, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আদব-আখলাক শিক্ষা ও বিশুদ্ধ ইলমের খেদমত করা। বারবার সুযোগ দেওয়ার পরও কেউ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকে না।

এদিকে, দাওরার মতো গুরুত্বপূর্ণ স্তরের সব শিক্ষার্থীকে একযোগে বহিষ্কারের ঘটনাটি সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কওমী মাদ্রাসা অঙ্গনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222