মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিনি সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে উপস্থিত হন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর এই পরিদর্শনের সময় কোনো প্রকার প্রটোকল বা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি মন্ত্রীর ব্যক্তিগত সরকারি গাড়ির পতাকাও কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সাধারণ মানুষের মতো কেন্দ্রে উপস্থিত হওয়ায় কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা বা স্থানীয় প্রশাসন আগে থেকে বিষয়টি টের পাননি। মূলত পরীক্ষার হলে নিয়ম-শৃঙ্খলা বজায় রয়েছে কি না এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই তিনি এই ঝটিকা সফর করেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা কক্ষগুলো ঘুরে দেখেন। এ সময় দায়িত্ব পালনে অবহেলা বা নিয়ম ভঙ্গের অভিযোগে ওই কেন্দ্রের দুইজন কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়ে মন্ত্রী দ্রুত কেন্দ্র ত্যাগ করেন। মন্ত্রীর এমন কঠোর অবস্থানের ফলে উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলোতেও নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
টিএইচএ/
