জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য রাখা ও সেবনের অভিযোগে দুই ছাত্রীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মধ্যে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান জাবির রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান।

বিজ্ঞাপন
banner

বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের এক ছাত্রী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের এক ছাত্রী।

হল সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনা সামনে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ লঙ্ঘন করেছেন।

এই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেকোনো বিভাগ, ইনস্টিটিউট কিংবা আবাসিক হলে দেশি-বিদেশি সব ধরনের মাদকদ্রব্য রাখা, সেবন করা বা এর ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ওই দুই ছাত্রীকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রীর অপরাধের মাত্রা বিবেচনায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে নিয়মিত মামলা দায়েরের জোরালো সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে একটি বিশেষ অভিযান চালায় হল প্রশাসন। সেই অভিযানে কক্ষটি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি মূলত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রীর নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী উপস্থিত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222