দেশের কারিগরি শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত জরুরি একটি নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদফতরের এমপিও শাখা। অধিদফতরের অনলাইন সফটওয়্যার ‘টিইএমআইএস’ (TEMIS)-এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যাদি দ্রুত সময়ের মধ্যে হালনাগাদ করার জন্য এই নির্দেশ প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) অধিদফতরের সহকারী পরিচালক মো. সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এই আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিইএমআইএস সফটওয়্যারে প্রতিটি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিজ্ঞান ল্যাব আছে কি না, শিক্ষার্থীর ধরন (বালক, বালিকা অথবা সহশিক্ষা), প্রতিষ্ঠানের ধরন (সংযুক্ত অথবা স্বতন্ত্র) এবং প্রতিষ্ঠানটি সংযুক্ত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ নির্দেশিকা অনুযায়ী যথাযথভাবে পূরণ ও আপডেট করা আবশ্যক। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।
অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রধানকে এই তথ্যগুলো অনলাইন পোর্টালে হালনাগাদ করার কাজ সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের তথ্য আপডেট না করে, তবে সফটওয়্যারে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘Add Employee’ অপশন থেকে কোনো পদবি (Designation) যোগ করা সম্ভব হবে না। অর্থাৎ ড্রপডাউন মেনুতে কোনো পদবি দৃশ্যমান হবে না, যা পরবর্তী এমপিও সংক্রান্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে। যথাযথ তথ্য প্রদান না করার কারণে ভবিষ্যতে যেকোনো ধরণের প্রশাসনিক বা কারিগরি জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিএইচএ/
