জবিতে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by Abid

রাকিব মাহী (জবি প্রতিনিধি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিজিটাল প্ল্যাটফর্মে লেখালেখির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জবি শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে লেখালেখির ক্যারিয়ার, আয়ের উৎস এবং বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচকরা।

বিজ্ঞাপন
banner

সেমিনারে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। এটি ভবিষ্যতে গণমাধ্যমসহ বিভিন্ন সৃজনশীল পেশায় কাজের সুযোগ সৃষ্টি করে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমসাময়িক বিষয়ে নিয়মিত কলাম ও ফিচার লেখার পরামর্শ দেন। প্রধান আলোচকের বক্তব্যে ‘আজকের পত্রিকা’র সহ-সম্পাদক আব্দুর রহমান বলেন, বর্তমান সময়ে লেখালেখিকে আয়ের একটি সম্মানজনক মাধ্যম হিসেবে গড়ে তোলা সম্ভব। তবে এর জন্য নির্দিষ্ট বিষয়ে গভীর দক্ষতা অর্জন এবং নিজের আগ্রহ অনুযায়ী সঠিক ক্ষেত্র নির্বাচন করা প্রয়োজন।

অনুষ্ঠানে ‘দি ডেইলি সান’-এর রিপোর্টার আসাদুল ইসলাম ডিজিটাল প্ল্যাটফর্মে লেখালেখির ক্রমবর্ধমান সুযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে আধুনিক টুলসের সঠিক ব্যবহার না জানলে পেশাদার লেখক হিসেবে টিকে থাকা কঠিন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, প্রযুক্তি আমাদের কাজকে সহজ করলেও এটি কখনো একজন প্রকৃত মানব লেখকের সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকল্প হতে পারে না। জবি শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল কাদের নাগিবও একই মত পোষণ করে বলেন, এআই কখনোই একজন লেখকের মানবিক আবেগ ও সৃজনশীলতার জায়গা দখল করতে পারবে না।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার সভাপতি মুশফিকুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক সোহান ফরাজী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রিমি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ডিজিটাল যুগে একজন দক্ষ লেখক হিসেবে নিজেকে গড়ে তোলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222