মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিতে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। পরে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সকাল ১০টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ গ্যালারিতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবিবুর রহমান। পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রফেসর জাকিয়া ইয়াসমীন। এ সময় উপস্থাপিত প্রবন্ধের ওপর বিস্তারিত আলোচনা করেন প্রফেসর মো. আবুল কালাম আজাদ ও প্রফেসর এস এম শফিউজ্জামান।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইইএস ও সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষক, গবেষক এবং সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তরুণ শিক্ষার্থী ও গবেষকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।
টিএইচএ/
