রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনার ও উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

by Fatih Work

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) টেকসই জ্বালানি এবং শিল্পখাতে সবুজ রূপান্তর লক্ষ্য নিয়ে ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং আ গ্রিন ট্রানজিশন’ শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে এই বর্ণাঢ্য আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

সেমিনারের উদ্বোধনী বক্তব্যে বক্তারা বৈশ্বিক জ্বালানি সংকটের মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির অপরিহার্যতা তুলে ধরেন। আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয়ের কারণে সৌরশক্তির ব্যবহার কিছুটা সীমিত থাকলেও বর্তমান প্রেক্ষাপটে এটি আর বিকল্প নয়, বরং একমাত্র টেকসই সমাধান। অন্যদিকে, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, উপাচার্যের বিশেষ উদ্যোগে নেসকোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপ ক্যাম্পাসে সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনের মূল আকর্ষণ ছিল টেকসই ও সবুজ জ্বালানি বিষয়ক কেস স্টাডি ও উদ্ভাবনী পরিকল্পনা প্রতিযোগিতা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি দল অংশগ্রহণ করে, যার মধ্য থেকে চূড়ান্ত পর্বে ১০টি দল তাদের পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পায়। বিচারকমণ্ডলীর মূল্যায়ন শেষে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘টিম এভারফ্রেশ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় রুয়েটের ইইই বিভাগের ‘টিম অপচয় জিরো’ এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম গ্রিনারি গ্রিড’। সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্বালানি খাতে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের মাধ্যমেই একটি গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222