পানিবন্দি যাত্রাবাড়ী বড় মাদরাসা, দুর্ভোগে ৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী

by Abid

তানবিরুল হক আবিদ: মঙ্গলবার দিবাগত রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা) প্রাঙ্গণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে মাদরাসার প্রায় ৫ হাজার শিক্ষক ও শিক্ষার্থী ক্যাম্পাস বন্দি হয়ে পড়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই মাদরাসা ক্যাম্পাসে থৈ থৈ পানি দেখা যায়, যার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে প্রয়োজনীয় কাজেও শিক্ষার্থীরা বাইরে বের হতে পারছেন না।

বিজ্ঞাপন
banner

স্থানীয় বাসিন্দা ও মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতি বছর সামান্য মাঝারি বা ভারী বৃষ্টিপাত হলেই মাদরাসা ও এর আশপাশের এলাকা প্লাবিত হয়ে যায়। মাদরাসার সামনের খালের পানি উপচে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়ে।

মাদরাসার শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, একটু ভারী বৃষ্টি হলেই খালের নাপাক পানি মাদরাসার ভেতরে চলে আসে। এই দূষিত পানির কারণে আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নাপাক পানির মধ্য দিয়ে চলাচল করা ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দিক থেকেই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

মূলত মাদরাসার সামনে থাকা খালের ময়লা পানি উপচে পড়া এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থাপনার অভাবকেই এই দুর্ভোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালের দূষিত পানির কারণে এই এলাকার ছোট শিশুদের মধ্যে ডায়রিয়া, খোশ-পাঁচড়াসহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়ছে।

এই মানবিক সংকট ও স্বাস্থ্য ঝুঁকি নিরসনে মাদরাসা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল সংস্কার না করলে এই ভোগান্তি আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222