পাকিস্তানে বিনা খরচে পড়াশোনার সম্ভাবনা তৈরি হয়েছে : শিক্ষামন্ত্রী

by Abid

পাকিস্তানে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সেখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের মেধা বিকাশে অবদান রাখার আহ্বান জানান তিনি।

আজ সোমবার (১১ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘পাকিস্তান এডুকেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং দ্বিপাক্ষিক বৃত্তি কার্যক্রম চালু হলে পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ভবিষ্যতে এই ধরণের কর্মসূচি আরও বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বাংলাদেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রায় ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর শিক্ষা কার্যক্রম অত্যন্ত মানসম্মত। তবে আন্তর্জাতিক জ্ঞান আদান-প্রদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকারও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করে থাকে, তবে পাকিস্তানের এই বৃত্তি কার্যক্রমটি ভিন্নতর। কারণ, এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শিক্ষাখাতে সহযোগিতা জোরদারে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগটি একটি মাইলফলক। তিনি স্মরণ করিয়ে দেন যে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান এক্সপো এবং সংশ্লিষ্ট কার্যক্রম সেই ঘোষণারই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের আরও বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222